আড্ডাপত্র

; ;

গুচ্ছকবিতা । এইচ বি রিতা

আড্ডাপত্র

নভে ২০, ২০২৬ | কবিতা, গুচ্ছ কবিতা

কি অদ্ভুত! ধর্ম-বর্ণ, নীতিবোধ ছুঁড়ে সূর্যতাপে পুড়ে-গলে ঈগলের ডানায় ভর করে যে ছুটে আসে মাটির ঘ্রাণে প্রাণ জুড়াবে বলে, সেও মুহূর্তের দমকা হাওয়ায় ডিমেনশিয়া বহন করে স্থান থেকে স্থানে; ভুলে যায় মাটি, মাটির স্পর্শ; ভুলে যায় বিকেলের শেকড়হারা গল্পের কথা।

অথচ শীতের রাতে মায়া ধরে রাখে রোমশ গায়ের গৃহহীন পশু, দৌড়ে দৌড়ে দিক হারা নাবিকের মতো খুঁজে ফিরে একটুকরো উষ্ণতা, ক্ষুধা-সে তো মানুষ পশু সবার নিবারণ করতেই হয়, তবে কেন সে দৌড়ে পথে পথে?

অভিযোগ! কাকে দিই, কে-ই বা বসে আছে ঠ্যাং উচিয়ে খতিয়ে দেখবে বলে যোগ বিয়োগের হিসাব, অঙ্কে দুর্বল মানুষ ঘুরেফিরে দিনশেষে কেবল তাকিয়ে থাকে শূন্যে, ওদিকে বোবাপ্রাণ দু’পায়ে ভর করে হাত দুটো মেলে দেয়; নিঃস্বার্থ আলিঙ্গনে।

কালো মেঘে ঢেকে গেছে আজকের আকাশ, অন্ধকার

গুহা থেকে উড়ে আসে খবর, শিরোনামে বানিজ্য-গিলে

খায় সত্যের সন্ধানে বিশ্বাস নিরীহ কান্না অথবা বলতে পারো স্বার্থের প্রলোভন চেটে খায় কালি-কলম হয়ে উঠেছে বিষাক্ত তরবার; অরাজকতায় ভরা আজকের সমাচার।

কোথায় হারালো সেই স্বচ্ছতার রেখা, মিথ্যার মুখোশ

উন্মোচনের লক্ষ্য, সত্যের কণ্ঠস্বরে লিখিত ইতিহাস, কোথায় গেল খাজনা আদায়ে ঢোল পিটানো বার্তা, শিলালিপির সংবাদ, ধাতু-পাথরে খোদাই করা জনসমাগম, পথে হাঁটা প্রাত্যহিক দিনলিপি; কোথায় হারালো পাথর স্তম্ভে তথ্যের লেখা খোদিত শব্দাবলি…!

আজকের অরাজকতায় হারিয়ে গেছে সেই স্রোত-

ঢেকে গেছে প্রান্তর সত্য ন্যায়ের পথে চলন্ত সংবাদ, সত্যের কান্নায় জাগে না অক্ষর-নির্ভীক কণ্ঠস্বর, ন্যায়ের মহাকাব্য

কিংবা বলতে পারো; স্বার্থের বাণিজ্যে বাঁচে আজকের খবর।

নিশীথের বাণী আবেগের নীড়ে যখন প্রাণের বেদনায় জ্বলে উঠে, মনের গভীরে উথলে ওঠে শোক, অন্তরবেদনা যেন সীসার ভারে চাপা পড়ে; পশু-পাখির কষ্টে মর্মরোদে হৃদয় পোড়ে।

অন্তরের অন্ধকারে বেদনা সঞ্চারী, মানবকষ্টের জীর্ণ আঘাতে হৃদয় বিদীর্ণ, পশুর দুঃখে আহত হয় অন্তর, নগ্ন, নিঃস্ব, শুধুই কষ্টের চিহ্ন জাগায়।

মনে এক অব্যক্ত আর্তি, চেতনার নিরবতায়, বিষন্নতার সুরে মূর্ছনা আসে সবখানে। ইডিয়টের মতো নিজেকে কষ্ট দিই, অসহায়তাকে সঙ্গী করে হই নির্বাক, অশ্রু-ঝরা চোখে।

এই আবেগের ঝরনাধারা, শূন্যতায় বিক্ষিপ্ত, যেমন নদী বয়ে চলে, আর্তনাদে অধিকারে। মনের দারুণ যন্ত্রণায় কাঁদে হৃদয়, প্রাণের গভীরতম তলদেশে ক্ষত, বেদনা—এটাই থেকে যায় অবশেষে।

আমি তো তোমাকে নিয়েই সংলাপে বসি, ভেতরের অদৃশ্য সত্তা তুমি, রহস্যের গূঢ় ধারা পাকিয়ে, গলা আটকে দাও, হ্যাঁ, তোমাকেই ভাবি অবিরত। ছায়ার মতো মনের গহনে নিবিষ্ট, কোরিডোর পেরিয়ে নিঃশ্বাসের দ্বারপথে।

অদৃশ্য তারে আবদ্ধ আমি, তুমি তার অপর প্রান্তে দাঁড়িয়ে, টানছো ধীরে ধীরে।

ছায়ার মতো স্থির অথচ অশান্ত তুমি—ধরতে গেলেই হাতের তালু ফসকে যায়, তবুও তুমি শূন্যতার খাঁজ পূর্ণ করো; অদৃশ্য-অস্পর্শী। আমাদের কথোপকথন এক ভাষাহীন নিরবতা, আমার ঠোঁট শুকিয়ে আসে, কর্ণপ্রকোষ্ঠে ঝনঝন শব্দের কম্পন, অথচ তোমার নিস্তব্ধতা গভীরতর, শব্দহীন চিৎকার; অজস্র অশ্লেষের ওজন।

কোন গোপন পথে তুমি প্রবাহিত হও, আমার বোধে অজ্ঞতা। তুমি এক অনুচ্চারিত প্রশ্ন, শূন্যতার মধ্যে মেঘের মতো ধীরে ধীরে জমা হওয়া। শত্রু তুমি, কিন্তু সেই শত্রু মধুর, শূন্যতার মধ্যে ফিরে আসো বারবার, মনের কোণে জমে থাকা বন্ধন শক্তি হয়ে।

তুমি, যাকে ছাড়তে চাই না—তবু জানি, তোমার সান্নিধ্যে আমার পথ থেমে যায়।

পৃথিবীর পথে পথে ছড়ানো ক্ষুধার হাহাকার, মানুষ-পশুর ক্ষুধা, মনের গভীর এক অদৃশ্য তৃষ্ণা। এই পৃথিবী এক অজস্র ক্ষুধার রাজ্য, যেখানে খাবার অভাব মেটায় না, মেটায় আকাঙ্ক্ষা, রচে এক অন্তহীন লড়াই।

আমি দূরে থাকি রঙিন আলোর রেস্টুরেন্টের মায়াজালে, যেখানে রসনার বিলাস দামে বাঁধা। পথে নামি- কুকুর, বিড়াল, পথচারীর ক্ষুধা আমার অনন্তকালের অভ্যাস হয়ে দাঁড়ায়-এ ক্ষুধা চোখে দেখে না, সেই পেটের গহীন তল।

এই পথের মানুষ, পথের প্রাণীর ক্ষুধায় লুকিয়ে আছে প্রকৃতির শোকগাথা। প্রতিটি ইটভাঙা পথ, প্রতিটি রোদজ্বলা দিনের শেষে সেই নীরব ক্ষুধার কাহিনি আরো দীর্ঘ হয়, প্রতিদিন তাদের চোখে মেলে এক অদ্ভুত আগুন, এক স্বপ্ন-এক মায়া, যার বাঁধন কেবল স্নেহের গন্ধে পূর্ণ হয়।

আমার দুই বেলা তাদের জন্য থমকে থাকা-এক শান্তির তৃষ্ণা মেটানোর প্রার্থনা।

Facebook Comments