চৈতা নগর
বেলা পড়ে এলে চৈতা রোগে ধরে
অনন্তর হেমন্ত শরৎ নেশা পাক খায়
ক্রমাগত ঘূর্ণি বাতাস প্রত্নগমনে ডাকে।
বড় বেশি আলুঝালু মন পোড়া নদী
কতকিছু পড়ে আছে ভাঙাচোরা ঘটি
নিত্য নদীখাওয়া বেদে বেদেনীর সংসার
ঘরছাড়া পথচলা ঠিকানা ছেঁড়াখোড়া।
ট্রেন চলে যায় ইশারায় হাতছানি দিয়ে
আহ্নিক বার্ষিক গতির যাত্রা বিরতিহীন
কালা পাহাড়ের জমানো ভবিতব্য ডাকে।
দূরত্বের দুরবিন দিয়ে খুঁজে ফিরি তবু
প্রাচীন মানচিত্রে আদিবিদ্যা অধিবিদ্যা
কতটা কাজে লাগে জানা নেই যদিও।
তবুও একটা বাস্তুঘুঘুর ইশারাকথা থেকে
শুনেছিলাম, পুকুরের ঝুল বাগানে আর
কোনদিন হবেনা কোন বৈশাখি মেলা।
আস্তর জমানো কড়িকাঠ খুলে খুলে
সেইতো কতটা সময় পার হলো , তারপর
একসময় প্রথামত বর্ষহিসেব শেষ হলে
কখন যে বসে পড়ি অবেলায় চৈতা নগরে।
ঘুম নির্যাস
ঘুমানো যায় না
এত এত বিচ্ছিন্ন আবেগের ইতিহাস ভূগোল নিয়ে
উপড়ানো বিবেকের শিকড় বাকড়, খড়ের পালার মত
একরোখা ঠায় দাঁড়িয়ে, যেন ঠাটা পড়া তালগাছ।
আশেপাশে বেখাপ্পা যতিচিহ্ন, অসুস্থ জমাট যানজট
বেশিক্ষণ বোঝাপড়া যায় না করা, এইসব অগোছালো
নির্ঘুম বাহানা বাহাস, দিকভ্রান্ত কিছু অর্থহীন যন্ত্রণা
কিভাবে ঘুমানো যায় –পৃথিবীর হাজারো জঞ্জাল নিয়ে।
সময়ের এইসব বেখেয়ালি রাহাজানি, বিভ্রান্তি চমক
যেন যথাইচ্ছা ছাড় পাওয়া রাখালের গবাদিপশু
অসময়ে কখন যে আনবাড়ি খামারে হামলে পড়ে
যায়না এদের সাথে বেশিক্ষণ বসবাস করা।
এর চেয়ে অবুঝ পাহাড়ের মত ভবঘুরে অরণ্যের ডাকে
ফিরে যাব বৃক্ষের কোটর নিবাসে। আগাছা বা বিশুদ্ধ
বিশল্যকরণী , কিছু শিকড় নির্যাস –তারপর ঘুম, মহাঘুম
স্টেশনের যাবতীয় চতুর কোলাহল কখন যে সমূলে উধাও।
অলৌকিক চর খুঁজে
কতটা রৈখিক পথ গেলে
লাল কাঁকড়ার মতো দ্রুততায়
বালুর অন্দরমহলে পৌঁছানো যাবে।
ছোপ ছোপ নগর ও মনুষ্য প্রথা
ব্যাকরণিক আচরণে নিখুঁত বিন্যস্ত
প্রত্যাগত হিমশৈল পিঠে ঠেকে।
অলৌকিক চরের খোঁজে হেঁটে যাই
শরীর থেকে খসে পড়ে হলুদ আস্তর
ঘুণে ধরা জং পড়া উদ্বাস্তু আবাস
মুখ থুবড়ে লুকাই বালুর বন্দরে
যতটা পারা যায় পরিমাপ জ্ঞান মতো।
ঘাত অভিঘাতে মস্তিষ্কের নিউরনের
ক্রমাগত ক্ষয়ে যাওয়া টের পাই
অন্ধের মত অনি:শেষ হেঁটেই চলি
অলৌকিক এক চরের সরল পথের খোঁজে।
কুম্ভ জীবন
নিজেকে বোঝা ও এক কঠিন অসুখ
পাইনা সূত্র খুঁজে কোথা সে শিকড়।
শিকড় খুঁজতে যেয়ে অসুখের সুখ
কখন যে পালিয়ে যায় অসুখ রেখে।
অংকের ধারাপাত বুঝিনা আমি
জট ও জটিলতার সূত্র খুঁজে
হয়রান পেরেশান অসুস্থ সময়
জটিল কঠিন এক পাথর জীবন।
এত এত জট আর জটিলের ঘেরে
মাকড়সা জীবন হয়ে আটকে থাকি
কোথা থেকে জট লাগে কীভাবে খুলি
জটিলতা সুর ভাজে খোল করতালে।
মনের গহীনে আছে গহীনের ঘর
চাবি রেখে অযথাই আতিপাতি খুঁজি
অতলের ডুবজলে বসেই থাকি
পাইনা তলখুঁজে অতল জলের।
অগ্নি নৈঋত খোঁজে পথের দিশা
মৃত্তিকা মাটিতে খুঁজি নক্ষত্রের দিন
কোথাথেকে উড়ে আসে বেহুলা বাতাস
ঘোলা জলে জেগে ওঠে জোনাকির চর।
পরিযায়ন প্রতীক্ষা
উত্তরের পাখিদের পরিযায়নকাল
সময়তো কখন যে হয়ে এল
তবু্ও সেই মেয়ে ফিরল না ঘরে।
সমুদ্রের কাছে তার এত কী বাহানা
কেন যে দিনরাত সাগর মোহটানে
জলাধার ফেলে হাঁটে দক্ষিন ঘাটে।
ওরাতো সাজাবেনা তোর হাওর বাওর
পাতা ভাসা হিম হিম শাপলা শালুক
জানাবেনা সম্ভাষণ কাদা মাটি জলে
পরিযায়ী পয়মন্ত পাখিদের তরে।
সময়টা বড় বেশি এলোমেলো এখন
বালুচরে লবনের খোঁজে আসা সেই যে বালক
যার পিতামহ পাঠিয়েছিল কিছু ঋণের মোহর
জলচরে পাখিদের ফিরিয়ে দিতে,
সেও তো প্রাপ্তির হিসেব নিকেশ ছাড়াই
ফেলে দিল সবটুকু অন্য জলাধারে।
এখন সময় শুধু পরিযায়ী পাখিদের
জলাশয়ে সহনীয় জলপানা আয়োজনে
কেউ যেন ভাঙে না চরের উৎসব কোলাহল
বিলাসের তরঙ্গিত আবর্তে, মগ্নতার ঘোরে
বিভ্রান্ত করে না যেন সম্পর্কের সূত্র শোভন।
এই পরিযায়ন ও শেষ হবে একদিন
দীর্ঘ সময় নিয়ে বসেতো থাকেনা
পরিক্রমা ঋতুর বহমান সময় সীমা।
ফিরে এসো মেয়ে তুমি, এখনই সময়
বন্ধকী ঋণটুকু নি:স্বার্থে ফিরিয়ে দেবার।

