আড্ডাপত্র

; ;

গুচ্ছকবিতা । সাঈদ বারী

আড্ডাপত্র

নভে ১৬, ২০২৬ | কবিতা, গুচ্ছ কবিতা

একাকিত্বের রোদের নিচে

রোদ যেন আজকাল আর উত্তাপ দেয় না,

শুধু স্মৃতির আগুনে পুড়িয়ে দেয় হৃদয়।

চৌরাস্তায় থেমে থাকা ট্রাফিক সিগন্যালে আমি একা দাঁড়িয়ে থাকি
পেছনের ক্লান্ত শহরের মতো।

তুমি গেলে, রোদ আর বৃষ্টি এক অর্থ হারাল।

সব ঋতু এক রকম লাগে এখন- তোমার না-থাকার মতো।

মধ্যাহ্নের আড়ালে

মাঝের দুপুর,
রোদ ঝলসে শরীর,
শব্দ গুলো হু হু করে ভেসে যায় বাতাসে।

তোমার ছায়া খুঁজে বেড়াই,
তবু খুঁজে পাই না,
মাঝে মাঝে মনে হয়,
সব কিছুই স্তব্ধ হয়ে
গেছে
মধ্যাহ্নের নীরবতার আড়ালে।

রাত্রি

রাত্রি নামে আজ
একাকী কারো অশ্রু হয়ে,
জোনাকির আলোয় ভেজা ঘাসে
নিমগ্ন হয় নিঃশব্দ সময়।

দূরের ট্রেনের বাঁশি
বাজে
কে যেন ফিরে আসে না আর,
জানালার কাচে মুখ রেখে
আকাশের দিকে কারো অপেক্ষা।

রাত্রি মানে ভাঙা চিঠি,
রাত্রি মানে বুকের ভার-
যে শব্দ কেউ বোঝে না,
সে শব্দে গড়ে ওঠে এই নীরব কবিতা।

Facebook Comments