আড্ডাপত্র

; ;

গুচ্ছকবিতা । সুরাইয়া চৌধুরী

আড্ডাপত্র

নভে ১৭, ২০২৬ | কবিতা, গুচ্ছ কবিতা

চৈতা নগর

বেলা পড়ে এলে চৈতা রোগে ধরে
অনন্তর হেমন্ত শরৎ নেশা পাক খায়
ক্রমাগত ঘূর্ণি বাতাস প্রত্নগমনে ডাকে।
বড় বেশি আলুঝালু মন পোড়া নদী
কতকিছু পড়ে আছে ভাঙাচোরা ঘটি
নিত্য নদীখাওয়া বেদে বেদেনীর সংসার
ঘরছাড়া পথচলা ঠিকানা ছেঁড়াখোড়া।

ট্রেন চলে যায় ইশারায় হাতছানি দিয়ে
আহ্নিক বার্ষিক গতির যাত্রা বিরতিহীন
কালা পাহাড়ের জমানো ভবিতব্য ডাকে।
দূরত্বের দুরবিন দিয়ে খুঁজে ফিরি তবু
প্রাচীন মানচিত্রে আদিবিদ্যা অধিবিদ্যা
কতটা কাজে লাগে জানা নেই যদিও।

তবুও একটা বাস্তুঘুঘুর ইশারাকথা থেকে
শুনেছিলাম, পুকুরের ঝুল বাগানে আর
কোনদিন হবেনা কোন বৈশাখি মেলা।
আস্তর জমানো কড়িকাঠ খুলে খুলে
সেইতো কতটা সময় পার হলো , তারপর
একসময় প্রথামত বর্ষহিসেব শেষ হলে
কখন যে বসে পড়ি অবেলায় চৈতা নগরে।

ঘুম নির্যাস

ঘুমানো যায় না
এত এত বিচ্ছিন্ন আবেগের ইতিহাস ভূগোল নিয়ে
উপড়ানো বিবেকের শিকড় বাকড়, খড়ের পালার মত
একরোখা ঠায় দাঁড়িয়ে, যেন ঠাটা পড়া তালগাছ।

আশেপাশে বেখাপ্পা যতিচিহ্ন, অসুস্থ জমাট যানজট
বেশিক্ষণ বোঝাপড়া যায় না করা, এইসব অগোছালো
নির্ঘুম বাহানা বাহাস, দিকভ্রান্ত কিছু অর্থহীন যন্ত্রণা
কিভাবে ঘুমানো যায় –পৃথিবীর হাজারো জঞ্জাল নিয়ে।

সময়ের এইসব বেখেয়ালি রাহাজানি, বিভ্রান্তি চমক
যেন যথাইচ্ছা ছাড় পাওয়া রাখালের গবাদিপশু
অসময়ে কখন যে আনবাড়ি খামারে হামলে পড়ে
যায়না এদের সাথে বেশিক্ষণ বসবাস করা।

এর চেয়ে অবুঝ পাহাড়ের মত ভবঘুরে অরণ্যের ডাকে
ফিরে যাব বৃক্ষের কোটর নিবাসে। আগাছা বা বিশুদ্ধ
বিশল্যকরণী , কিছু শিকড় নির্যাস –তারপর ঘুম, মহাঘুম
স্টেশনের যাবতীয় চতুর কোলাহল কখন যে সমূলে উধাও।

অলৌকিক চর খুঁজে

কতটা রৈখিক পথ গেলে
লাল কাঁকড়ার মতো দ্রুততায়
বালুর অন্দরমহলে পৌঁছানো যাবে।
ছোপ ছোপ নগর ও মনুষ্য প্রথা
ব্যাকরণিক আচরণে নিখুঁত বিন্যস্ত
প্রত্যাগত হিমশৈল পিঠে ঠেকে।

অলৌকিক চরের খোঁজে হেঁটে যাই
শরীর থেকে খসে পড়ে হলুদ আস্তর
ঘুণে ধরা জং পড়া উদ্বাস্তু আবাস
মুখ থুবড়ে লুকাই বালুর বন্দরে
যতটা পারা যায় পরিমাপ জ্ঞান মতো।

ঘাত অভিঘাতে মস্তিষ্কের নিউরনের
ক্রমাগত ক্ষয়ে যাওয়া টের পাই
অন্ধের মত অনি:শেষ হেঁটেই চলি
অলৌকিক এক চরের সরল পথের খোঁজে।

কুম্ভ জীবন

নিজেকে বোঝা ও এক কঠিন অসুখ
পাইনা সূত্র খুঁজে কোথা সে শিকড়।
শিকড় খুঁজতে যেয়ে অসুখের সুখ
কখন যে পালিয়ে যায় অসুখ রেখে।

অংকের ধারাপাত বুঝিনা আমি
জট ও জটিলতার সূত্র খুঁজে
হয়রান পেরেশান অসুস্থ সময়
জটিল কঠিন এক পাথর জীবন।

এত এত জট আর জটিলের ঘেরে
মাকড়সা জীবন হয়ে আটকে থাকি
কোথা থেকে জট লাগে কীভাবে খুলি
জটিলতা সুর ভাজে খোল করতালে।

মনের গহীনে আছে গহীনের ঘর
চাবি রেখে অযথাই আতিপাতি খুঁজি
অতলের ডুবজলে বসেই থাকি
পাইনা তলখুঁজে অতল জলের।

অগ্নি নৈঋত খোঁজে পথের দিশা
মৃত্তিকা মাটিতে খুঁজি নক্ষত্রের দিন
কোথাথেকে উড়ে আসে বেহুলা বাতাস
ঘোলা জলে জেগে ওঠে জোনাকির চর।

পরিযায়ন প্রতীক্ষা

উত্তরের পাখিদের পরিযায়নকাল
সময়তো কখন যে হয়ে এল
তবু্ও সেই মেয়ে ফিরল না ঘরে।
সমুদ্রের কাছে তার এত কী বাহানা
কেন যে দিনরাত সাগর মোহটানে
জলাধার ফেলে হাঁটে দক্ষিন ঘাটে।

ওরাতো সাজাবেনা তোর হাওর বাওর
পাতা ভাসা হিম হিম শাপলা শালুক
জানাবেনা সম্ভাষণ কাদা মাটি জলে
পরিযায়ী পয়মন্ত পাখিদের তরে।

সময়টা বড় বেশি এলোমেলো এখন
বালুচরে লবনের খোঁজে আসা সেই যে বালক
যার পিতামহ পাঠিয়েছিল কিছু ঋণের মোহর
জলচরে পাখিদের ফিরিয়ে দিতে,
সেও তো প্রাপ্তির হিসেব নিকেশ ছাড়াই
ফেলে দিল সবটুকু অন্য জলাধারে।

এখন সময় শুধু পরিযায়ী পাখিদের
জলাশয়ে সহনীয় জলপানা আয়োজনে
কেউ যেন ভাঙে না চরের উৎসব কোলাহল
বিলাসের তরঙ্গিত আবর্তে, মগ্নতার ঘোরে
বিভ্রান্ত করে না যেন সম্পর্কের সূত্র শোভন।

এই পরিযায়ন ও শেষ হবে একদিন
দীর্ঘ সময় নিয়ে বসেতো থাকেনা
পরিক্রমা ঋতুর বহমান সময় সীমা।
ফিরে এসো মেয়ে তুমি, এখনই সময়
বন্ধকী ঋণটুকু নি:স্বার্থে ফিরিয়ে দেবার।

সত্তর দশকের কবি সুরাইয়া চৌধুরী। জন্ম ১০ফেব্রুয়ারি, ১৯৪৯ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আলগীরচর গ্রামে । পৈতৃক নিবাস গালিমপুর গ্রাম। পিতা আমজাদ হোসেন চৌধুরী ও মাতা রহিমা বেগম। সি কাস্টমস অফিসার পিতার কর্মস্থল ছিল খুলনা ও চট্টগ্রাম। তাই শৈশবের অনেকটা সময় কেটেছে খুলনায় ।
পরবর্তীতে ঢাকায় বদরুন্নেসা সরকারি গার্লস কলেজ ও ইডেন গার্লস কলেজ থেকে পড়া শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে বাংলায় এম.এ ডিগ্রি লাভ করেন । এরপর বি.এড ও এম.এড সম্পন্ন করেন। ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে শিক্ষকতা শুরু করে পরে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ এ যোগ দেন এবং সেখান থেকেই অবসর গ্রহণ করেন।
সত্তর দশক থেকে নিয়মিত ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ লিখেছেন ইত্তেফাক, আজাদ, বেগম, ললনা, নবারুণ, পূর্বাচল ধান শালিকের দেশ, সুজনেষু ও পাক্ষিক অনন্যা পত্রিকায়।
তার প্রথম কাব্য ‘আজীবন বৃক্ষের কাছাকাছি রব’ প্রকাশিত হয় ১৯৯৩ সালে। দীর্ঘ বিরতির পর অবসর জীবনে আবার নিয়মিত লেখালেখি শুরু করেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৬। ৯টি কাব্যগ্রন্থ , ৪ টি শিশুতোষ ছড়া ও রূপকথা, ও অন্যান্য । বিশেষ কয়েকটি কাব্যগ্রন্থ : ক্ষণশিলা পাঠ, প্রত্ননগরে যাব, রক্তফুল, বনসাই চাঁদের খোলস, প্রাক্তন জলের পাঠ্যসূচি, পত্রমোচী পরিযায়ী দিন, সময়ের ঝুলকালি ইত্যাদি। শিশুতোষগ্রন্থ- ছড়ার মেলা, ছড়ায় ছড়ায় গল্প বলি, শেয়াল গেল বাজারে, যাদু পরির স্বর্ণকল।
লেখালেখির জন্য পেয়েছেন ওমর সিরাজ জি.কিউ ফাউন্ডেশঅনের ‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক (সাহিত্য), সাজ প্রকাশনের “কবি জীবনানন্দ দাশ স্মৃতি পদক (কবিতা), বাঙালি সংস্কৃতি কেন্দ্রে র নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী স্মৃতি পদক (শিশু সাহিত্য), নন্দিনী সাহিত্য ও পাঠচক্র এর সাহিত্য ও শিক্ষা সম্মাননা, স্বপ্নকথা (ভারত) সম্মাননা (শিশুসাহিত্য), দীপ্ত কাব্য সম্মাননা ও দীপ্ত বিশেষ কাব্য সম্মাননা।
Facebook Comments