আড্ডাপত্র

১ জ্যৈষ্ঠ, ১৪৩৩; ১৫ মে, ২০২৬;বিকাল ৫:৩২

জিয়া হক এর পাঁচটি কিশোরকবিতা

আড্ডাপত্র

মে ১৪, ২০২৬ | Uncategorized, কিশোর কবিতা, ছড়া

পিরিতি কি মুখের কথা

এই তো সেদিন সন্ধ্যারাতে ‘সন্ধ্যাতারার’ সাথে
গল্পকথায় আড্ডা জমে কোল্ড কফি দুধ চা-তে
জাদুকাটা নদীর জাদু— ঢেউ ছলোছল মন
চাঁদের সাথে চাঁদনী মেয়ের হয় কি আলিঙ্গন!

বাতাসভরা প্রেমের গানে জোসনাভেজা ফুল
বাল্যবেলার হাই ইশকুলে স্মৃতির কানের দুল
দুল নাকি ও দুলের মতো বৃষ্টিমেয়ের রূপ
আজ অবেলায় জাবর কেটে বিস্ময়ে নিশ্চুপ।

স্মৃতির পাতা দোলনা দোদুল অষ্টাদশীর মান—
অভিমানের ভেলায় চড়ে ডুবেছে সাম্পান
চিরল পাতার বিরল খাতায় ছবির মতো মুখ
মোনালিসার মিষ্টি হাসিই অনন্তকাল দুখ।

পিরিতি কি মুখের কথা, লাইলি জানে-বোঝে
মিছে মায়ার ছল গতরে কেউ ক্ষত রে খোঁজে
সবার চাওয়া হাওয়া হাওয়া খাওয়া খাওয়া চিজ
বৈরি বাতাস তৈরি করে ছাতিমি দহলিজ।

আমিও যদি

আমিও যদি হতাম পাখির ছানা
আমার পিঠে থাকতো রঙিন ডানা
উড়াল দিতাম যেমন খুশি মন
লেখাপড়ার কিসের আয়োজন!

রোজ সকালে ইশকুলে যাও, না না
নেই তো কোনো কাজেই শাসন মানা
আমার ছুটি সপ্তাহে সাত দিনই
আমার আকাশ বৃষ্টি রিনিঝিনি।

সকাল বিকাল আসতো না ম্যাম স্যার
চলতো না রে পড়ার অত্যাচার
হিজল বনের মগডালে ঘর বাসা
ইচ্ছে হইলে আমার যাওয়া-আসা।

আমার জগত আমার রঙেই রাঙা
সাত রাজ্যের স্বপ্নসুখেই চাঙা
মানুষ হবার চেষ্টা মোটেও নাই
পাখি বলেই স্বাধীন জীবন পাই।

নাটকের মঞ্চ

স্মৃতির পাতায় মাখা বেদনার ছাপ
বেদনার রঙ চেনা জানা বড় টাফ
নীলে নীলকণ্ঠের বিষাক্ত ফণা
পৃথিবীর বুক জুড়ে হীন আলোচনা।

মনের বাবুই পাখি বনে-জঙ্গলে—
যাযাবরি হালতের মেঘভাঁজ খোলে
হাহাকারে আহা কারে ঘুমহীন রাখে
ডালপালা বাড়ে রোজ ‘নাই নাই’-শাখে।

মসলিন কাঁপড়ের ফাঁক গলে চাঁদ
উঁকি-ঝুঁকি করে কেন লোভের আবাদ
মিলনের মোহনায় বেদনার গান
না পাওয়ার তাল-লয় চির অফুরান।

আমার শূন্যতা ঠাঁই নাই নাই
পারদের পাঁপড়িতে সবই অযথাই
হিসেবের ইতিহাসে বিথী হাসে আর—
নাটকের মঞ্চেই মহা সংসার।

পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে

‘পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে’
তুমি শুধু তোলপাড় বেদনায় পোড়া দেহ-মনে
হয়তোবা আমাদের দেখা হবে আর কোনো দিন
চিরচেনা তরতাজা ঘাসফুল বেদনা মলিন।

‘পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে’
পৃথিবীর সব ফুল ফুটে আছে না পাওয়ার মনে
না পাওয়াই জীবনের সব পাওয়া সবহারা যেন
সব পাখি সব নদী আমাকেই ডাকিতেছে কেন?

‘পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে’
ব্যর্থ প্রেমের কথা গল্প কি কেউ ভুলে শোনে
মিলনের মোহনায় চাঁদ নামে— জোসনার গান
কারো কারো জীবনের সমস্ত মিছে অভিমান।

‘পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে’
হারানো চিঠির পাতা খুঁজে পায় কোনো একজনে
বিচ্ছেদে চিরদিন ঝরে পড়ে গোলাপের স্বাদ
সব আছে, আমি নেই— এইসব কোনো সংবাদ!

চায়ের কাপে দেইনি চুমুক

এই তো সেদিন, সেদিন কবে ভুলেই গেছি
মনের সুখে হাওয়ায় হাওয়ায় দুলেই গেছি
দুঃখ-জ্বালা না পাওয়া কী জানাও নাই
স্বভাব ছিল ফড়িং ফড়িং মানাও নাই।

পাখির বনে ফুলের বনে গল্প হতো
সন্ধ্যা হতে মধ্য রাতও অল্প হতো
অল্প না তো অনেক অনেক বলার মতো
মন বসে না, মন যেন চঞ্চলার মতো।

কেমন করে, কেমন কেমন ভাবনা ছিল
বান্ধবীটার বাড়ি নাকি পাবনা ছিল
পাবনা কেন? পাগল ও রে, বাড্ডা ছিল
স্মৃতির ভেলায়— হজার স্মৃতির আড্ডা ছিল।

স্মৃতির পাতায় হাঁটতে গেলে ভাল্লাগে না
কিছুই এখন টক মিষ্টি ঝাল লাগে না
এই তো জীবন, কেমন কেমন ফুরিয়ে গেল
চায়ের কাপে দেইনি চুমুক, জুড়িয়ে গেল!

Facebook Comments

আড্ডাপত্রে লাইক দিন

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১