আড্ডাপত্র

; ;

গুচ্ছকবিতা । মাহমুদুজ্জামান জামি

আড্ডাপত্র

জুলা ৩০, ২০২৬ | কবিতা, গুচ্ছ কবিতা

মাহমুদুজ্জামান জামি প্রথম দশকের শক্তিমান কবি। জন্ম : ২৮ জুলাই ১৯৭৮, নন্দনকানন, চট্টগ্রাম। প্রকাশিত কবিতার বই : ২টি, মুগ্ধতার অন্য রঙ ও উদ্ভিদের অট্টহাসি। কর্মস্থল : চিকিৎসক, মা ও শিশু হাসপাতাল, আগ্রাবাদ, চট্টগ্রাম ।

একপক্ষ প্রেম

‘আমাকে বাসো না ভালো
তোমার কথার চেয়েও
অনেক হাল্কা তুমি’

এ কথা বলেছো
কোনো একদিন রাতে
কর্ণফুলীর নীরবতায়
নিদারুণ ঢেউ ছড়িয়ে দিয়ে…
সেই আবছায়া অন্ধকারে
মনে হলো
হৃদয় অফুরান জলের হাহাকার
আর নিষ্পলক চেয়ে থাকা
সম্মোহনের বিপুল তন্দ্রা ছাড়া
কিছু নয়
তাই,প্রেম কখনো কখনো খুব বেশি
একপক্ষ হয়ে যায়!

প্রাকৃতিক চিকিৎসা

এই সন্ধ্যা ভালো লাগে,
এখানে অলস বসে থেকে
মনে মনে গোলাপ, বকুল,
উন্মুক্ত নীলাকাশ
আর শান্ত সুবাতাস
এই নিসর্গবাহিতভাবনা,
আলোড়িত সমবেদনা–
যা নাকি পূর্বব্যথার
ওষুধ বলা যায়।
এখানে কী নিরুপম
সবুজ স্পর্শ!
আর পাতায় পাতায়
ঘনিষ্ঠ সংবাদ–
আমার সমস্ত সত্তাব্যাপে
এনে দিলো
স্নিগ্ধ উন্মোচন!

অনুরোধ

আমার কথাটি মনে রেখো
আমাকে একটু মনে রেখো,
চলতি পথে কাজের ভিড়ে
কখনো মনটি উদাস হলে
ক্ষণিকের জন্য একটু বসে
জানালাটা একটু খুলে দিয়ে
দূরের দিকে তাকিয়ো…
আর কয়েক বছর আগের আলো,
অনেক কথার এলোমেলো
সুন্দর সময় মনে করো।

কেউ তো একজন ছিলো
কেউ তো একজন সেদিন–
তোমার কথা ভাবতে ভাবতে
উস্কোখুস্কো, মলিন মুখে
সারাটা পথ হাঁটতে হাঁটতে
কেমন বেভুল দেউল ছিলো!
একটু হলেও মনে করো
একটু হলেও স্মরণ করো।

স্মৃতির বর্ষায়

বর্ষায় একটানা বৃষ্টি
মনে পড়ে মুখটি,
উজ্জ্বল চোখ তার,
কুয়াশার গান আর
মেঘভরা দিনটার
কথা খুব পড়ে মনে…
একটানা বৃষ্টি
পথঘাট জলভার,
এই থামে এই পড়ে
রাস্তায় লোক নাই,
চায়ের দোকানটায়
দুকাপ, বিস্কুট,
তারপর ঝরঝর
রিকশায় ছলছল

দিনগুলো নাই আর
স্মৃতির বর্ষায় আজ
একাকী দিন যায়
একাকী রাত।

দেখা হয় না আর

যারা যারা ছিলো এখানে
নতুন স্বপ্নে
সুখেদুঃখে
জীবনের নানা আয়োজনে,
যারা ভালোবেসেছিলো—
প্রতিদিনকার ক্লান্তি,
ক্লেদঘাম
সন্নিষ্ঠ সমাচার
তাদের মাত্র কয়েকজন ছাড়া
বহুদিন এখানে আমার সাথে
আর কারো দেখা হয় না আর!

Facebook Comments